হরমুজে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে মাইনসুইপার জাহাজ পাঠাচ্ছে জার্মানি
ছবি: সংগৃহীত
০২:০০ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে একটি মাইনসুইপার জাহাজ ভূমধ্যসাগরে পাঠাচ্ছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন বলে শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
জার্মান সংবাদপত্র রেনিশ পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস পিস্টোরিয়াস জানান, মাইনসুইপারটির সঙ্গে একটি কমান্ড ও সরবরাহ জাহাজও মোতায়েন করা হবে। তবে ঠিক কবে এই মোতায়েন কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
ডিপিএ সংবাদ সংস্থা জানায়, সম্ভাব্য এ অভিযানের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হওয়া জরুরি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ কাঠামো নিশ্চিত করা এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের অনুমোদন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ন্যাটো জোটের মিত্র দেশগুলোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অভিযানে যথাযথভাবে অংশ নিচ্ছে না।
এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস জার্মানির নৌ সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, মাইন অপসারণ কার্যক্রমে ন্যাটোর মধ্যে জার্মানি ঐতিহ্যগতভাবে একটি নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে আসছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং আন্তর্জাতিক সামরিক সমন্বয়ের ক্ষেত্রে জার্মানির সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয়।
এসকে/টিএ