সাকিব-তামিম-মাশরাফির কাঁধে করে দেশের ক্রিকেট এই জায়গায়: ইসরাফিল খসরু
ছবি: সংগৃহীত
০৭:১০ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। তাদের নেতৃত্ব ও পারফরম্যান্সের ধারাবাহিকতায় দেশের ক্রিকেট ধাপে ধাপে এগিয়েছে বলে মনে করেন তিনি।
ইসরাফিল খসরু বলেন, ‘ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে, এটা আমি বিশ্বাস করি। ক্রিকেটে আজকে যে জায়গাটাতে আমরা এসেছি এটা কিন্তু ধাপে ধাপে। এই যে মাশরাফিদের কাঁধে করে, সাকিব ও তামিমদের কাঁধে চড়ে।’

ক্রিকেটারের নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে, যা ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনে করেন ইসরাফিল, ‘তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। একেকজন আমাদের ক্রিকেটের স্তম্ভ। আপনি যদি দেখেন তাদের হাত ধরে ক্রিকেট আজকে এখানে এসেছে।’
পরে ক্রিকেটারদের ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়ের সঙ্গে খেলাধুলাকে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাকিব এবং মাশরাফির রাজনৈতিক পরিচয় কী, এটা সম্পূর্ণ আলাদা। ক্রিকেট আলাদা, রাজনীতি আলাদা। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা যে প্লেয়ারটাকে পছন্দ করে, যে ফ্যান তারা সেই খেলোয়াড়দের ছবি নিয়ে ঢুকতেই পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম বাধা থাকা উচিত।’
আরআই/টিকে