বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্যকেন্দ্র এবং ওই ভবনে থাকা বুকশপ বাতিঘর থেকে বই কিনলেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।শনিবার (২৫ এপ্রিল) বিশ্বসাহিত্যকেন্দ্রের যুগ্মপরিচালক (প্রশাসন) মনির হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, দুপুরে বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে জাইমা রহমান এসেছিলেন। তিনি প্রায় ৪০ মিনিট লাইব্রেরি ঘুরে দেখেন। কেন্দ্রের সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের দলিলগুলো দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন। তিনি সেলফে সাজানো দলিলগুলোর ছবিও তুলে নিয়েছেন। এছাড়া অনেক পুরোনো বই, যেগুলো এখন দুর্লভ সেগুলো যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেছেন।
মনির হোসেনের ভাষ্য, ইতিহাস প্রধানমন্ত্রীর মেয়ের পছন্দের বিষয় এবং সেটা তিনি ইতিহাস কালেকশন দেখে প্রকাশ করেছেন। কেন্দ্রের পাঠচক্রের কথা শুনে তিনি এই উদ্যোগের প্রশংসা করেছেন। প্রতিমাসে ‘পূর্ণিমা সন্ধ্যা’ আয়োজন করা হয় শুনে তিনি সেখানে আসার ইচ্ছাও প্রকাশ করেন। ঢাকার ভেতরে এত সুন্দর একটি লাইব্রেরি আছে দেখে তিনি মুগ্ধ হয়েছেন।