এবার বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও!
ছবি: সংগৃহীত
০৬:২৩ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপের আগে চোট সমস্যায় বিপর্যস্ত ব্রাজিল শিবিরে এবার নতুন দুশ্চিন্তার নাম এদের মিলিতাও। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, ফলে বিশ্বকাপে তার খেলা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মিলিতাওয়ের চোট গুরুতর হওয়ায় তাকে আবারও অস্ত্রোপচার করাতে হতে পারে। যদি শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হয়, তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার।
লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মিলিতাও। পরে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম জানায়, তার বাঁ পায়ের ‘বাইসেপ ফেমোরিস’ পেশিতে চোট ধরা পড়েছে।

শুরুতে চোটকে সাধারণ মনে হলেও পরে জানা যায়, পরিস্থিতি বেশ গুরুতর। বর্তমানে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন মিলিতাও।
অস্ত্রোপচার না করালে পাঁচ সপ্তাহের মধ্যে মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও পুনরায় একই চোটে পড়ার ঝুঁকি থাকবে। আর অস্ত্রোপচার করলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
২০২৫-২৬ মৌসুমজুড়েই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে মিলিতাওকে। গত ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচেও তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সেই চোটের কারণে চার মাস মাঠের বাইরে ছিলেন এই ডিফেন্ডার।
মৌসুমের শেষ দিকে ফিরলেও আবারও চোটে পড়ায় রিয়াল মাদ্রিদের পাশাপাশি বড় ধাক্কা খেল ব্রাজিল জাতীয় দলও। এর আগে রদ্রিগো ও এস্তেভাওয়ের ইনজুরিও ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।
এমআর/টিএ