দিল্লি বিমানবন্দরে জুরিখগামী বিমানে আগুন, আহত ৬
ছবি: সংগৃহীত
১২:৩৯ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সুইজারল্যান্ডগামী একটি যাত্রীবাহী বিমান। রবিবার (২৬ এপ্রিল) ভোরে রানওয়েতে উড্ডয়নের সময় সুইস এয়ারের একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জরুরি ভিত্তিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার সময় ছয়জন যাত্রী আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ‘এলএক্স১৪৭’ ফ্লাইটটি জুরিখের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রানওয়েতে গতি বাড়াচ্ছিল।
এমন সময় হঠাৎ একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ও আগুন ধরে যায়। বিমান থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ঝুঁকি এড়াতে পাইলটরা তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন। বিমানে ২২৮ জন যাত্রী ও ৪ জন শিশু ছিল।
দুর্ঘটনার পর দ্রুত ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে জরুরি স্লাইড ও সিঁড়ি ব্যবহার করে সবাইকে নিচে নামিয়ে আনা হয়।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে বিমানবন্দরের নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হয়নি। নিরাপত্তা বিধি মেনে দ্রুত রানওয়ে থেকে ক্ষতিগ্রস্ত বিমানটিকে সরিয়ে নেওয়া হয়েছে। কারিগরি দল বর্তমানে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
সুইস এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইট এবং থাকার ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ
কেএন/টিকে