মানবতাবিরোধী অপরাধে ‘হেভিওয়েট’ মন্ত্রীদের তদন্ত প্রতিবেদন দাখিলে ফের সময়
ছবি: সংগৃহীত
০২:৪৮ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ২৬ জুলাই এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার একটি অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। একই সঙ্গে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময় চান।
তামিম বলেন, এ মামলায় মোট ৪৬ জন আসামি ছিলেন। এর মধ্যে ধাপে ধাপে অনেকের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। কয়েকটির বিচারও চলছে। বাকি কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ প্রতিবেদনও আমরা দাখিল করতে পারবো।
শুনানি শেষে আগামী ২৬ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এ মামলায় ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।
টিকে/