ঘুষ-দুর্নীতি বন্ধ করেন, শুল্ক-কর কমাতে বলব না : বিটিটিএলএমইএ সভাপতি
ছবি: সংগৃহীত
০৪:৪৩ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
‘ঘুষ-দুর্নীতি বন্ধ করেন, কোনো দিন শুল্ক-কর কমাতে বলব না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সভাপতি শাহাদাত হোসেন।
রোববার (২৬ এপ্রিল) বিকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এমন প্রস্তাব করেন। এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ, বিজিবিএ-এর শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অভিযোগের সুরে বলেন, ‘শুধু কর কমাতে বলেন, তাহলে রাজস্ব কীভাবে আসবে? এ বিষয়ে কিছু বলেন।’ জবাবে শাহাদাত হোসেন বলেন, ‘আগে ঘুষ-দুর্নীতি বন্ধ করেন, কোনো দিন শুল্ক-কর কমাতে বলব না। যা চাইবেন তা-ই দিয়ে দেব, কোনো প্রশ্ন করব না।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম পোর্টে আপনার কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করেন, আমরা কোনো অভিযোগ করব না।’
পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে শাহাদাত হোসেন নগদ সহায়তার ওপর ১০ শতাংশ হারে আয়কর কর্তন অব্যাহতির দাবি করেন। তিনি বলেন, ‘আমরা চলতে পারি না বলেই নগদ সহায়তা দিচ্ছে, তার ওপর কর কেন দেব? এটা তো খয়রাতি সহায়তা।’
অপর আলোচনায় বিটিএমএ-এর সদস্যদের টেক্সটাইল শিল্পে ব্যবহার্য তুলার ওপর ১ শতাংশ উৎসে কর ০ শতাংশ এবং সুতা সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ০.৫ শতাংশ ধার্য করার সুপারিশ করা হয়।
টিকে/