© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় দুই গ্রুপের তিনদিন ধরে সংঘর্ষ, আহত ৩০

শেয়ার করুন:
কুমিল্লায় দুই গ্রুপের তিনদিন ধরে সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
০৫:০২ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিনদিন সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুলিবিদ্ধ বলে জানা গেছে। এ সময় এলাকায় অস্ত্রের মহড়ার পাশাপাশি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

রোববারও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে সংঘর্ষের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ মাথায় হেলমেট পরে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। কারও হাতে দেশীয় অস্ত্র দেখা যায়, এমনকি একজনকে গুলি করতেও দেখা যায়। ইট-পাটকেল নিক্ষেপে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির কাঁচ ভাঙার শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড়ের তরুণদের মধ্যে কথা কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত। পরে তা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে রূপ নেয় এবং স্থানীয় বাসিন্দারাও এতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা থিরাপুকুর পাড়ের ‘স্বপন গ্রুপ’ ও জিনাপুকুর পাড়ের ‘নয়ন গ্রুপ’-এ বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় হামলা, পাল্টা ধাওয়া ও গুলির ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল আনোয়ার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষ থানায় অভিযোগ করেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএন 

মন্তব্য করুন