সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে মাথা বের করেছিলেন যাত্রী, হারাতে হলো প্রাণ
ছবি: সংগৃহীত
০৭:১১ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে মাথা বের করায় ওভারব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী-ঢাকা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল বাতেন। নিহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় এক যাত্রী জানালা দিয়ে মাথা বের করেছিলেন। এ সময় স্টেশনের ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে তার মাথায় ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্টেশন মাস্টার আরও জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির উল্লাপাড়া স্টেশনে কোনো নির্ধারিত বিরতি নেই। নিহত যাত্রীর বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর হতে পারে। তার পরনে ছিল অফ-হোয়াইট রঙের একটি টি-শার্ট ও প্রায় একই রঙের একটি ট্রাউজার।
ঘটনার পরপরই সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে এবং নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে বলে উল্লেখ করেন স্টেশনমাস্টার।
ইউটি/টিএ