এটা আমি-ডামির সরকার না : টুকু
ছবি: সংগৃহীত
১০:১২ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘এটা আমি-ডামির সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত, কথায় কথায় বলে ফেলেন নিঃশেষ করে দেবেন, কাদেরকে? নিশ্চিহ্ন করে দেবেন, কাদেরকে?’
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে উদ্দেশ করে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘১৭ বছর আন্দোলনের মাধ্যমে বিএনপি এ অবস্থানে এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না।
যারা আমি-ডামি নির্বাচন করে, জনগণ থেকে প্রত্যাখ্যাত, তাদের সঙ্গে বিএনপির তুলনা করেন, আমি তাদের কথাবার্তায় মিল খুঁজে পাই না।’
টুকু বলেন, ‘আমি কাউকে মোনাফেক বলছি না। জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। আইন পাস করার জন্য জনগণ আমাদের এখানে পাঠিয়েছে।
আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। উনারা বেলাইনেও চলতে চান।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলন নিয়ে কার কী ভূমিকা? আওয়ামী লীগ ৭১-এ মনে হয় আওয়ামী লীগই করেছে, আর কেউ যুদ্ধ করেনি, এ ধরনের আচরণ করেছে, ইদানীং ওই রোগ তাদের ভেতরে ঢুকছে। জুলাই আন্দোলন শুধু তারাই করেছে, আর কেউ করেনি।
’
প্রতিমন্ত্রী বলেন, ‘এ সংসদ ঐক্যবদ্ধতার সংসদ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছেন, তারা এ সংসদে এসেছেন। কথায় কথায় বলেন আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ ঢুকে গেছে। এটা দুই মাসের সরকার, পাঁচ বছরের সরকার না। শুরুই করলাম না, তার আগেই এত অভিযোগ।
তিনি আরো বলেন, ‘এ দুই মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কী কী হয়েছে, সেই কথাগুলো কিন্তু একবারও বলেন না। এ দুই মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোনো সরকার থাকলে সেই সাহস করত না।’
টুকু বলেন, ‘আপনারা ১৯৯৬ সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিলেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন। তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সব নারী ভোটারের প্রতি, যারা বেহেস্তের প্রলোভন প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন।’
এসএন