একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে : রিজভী
ছবি: সংগৃহীত
০১:০৮ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না।
গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে রিজভী এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল এই শ্রদ্ধা জানানোর আয়োজন করে। রুহুল কবীর রিজভী মন্ত্রীদের উদ্দেশ করে বলেন, ‘সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানা ঘটনা ঘটতে পারে। এসব মোকাবেলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে।
প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে। হাম মোকাবেলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবেলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। হামে যেন আর কোনো মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে।’
জ্বালানিসংকট নিয়ে তিনি বলেন, জ্বালানিসংকট বিএনপি তৈরি করেনি, এটা আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠছি। রিনিউএবল এনার্জি (নবায়নযোগ্য শক্তি) নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন। পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে জ্বালানির চাহিদা মেটাচ্ছে, সরকারের কাছে অনুরোধ করব, রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন।
জ্বালানিমন্ত্রীকে এটা উত্সাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, সেটাও কমিয়ে দিন, যাতে মানুষ তাদের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুত্ চাহিদা পূরণ করতে পারে, আর অন্য দেশের মুখের দিকে চেয়ে থাকতে না হয়।
আরআই/টিএ