নিরাপত্তা জোরদারের সমাধান হিসেবে হোয়াইট হাউসে বলরুম নির্মাণে জোরালো অবস্থানে ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৬:০৬ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন ডিনারে সশস্ত্র এক ব্যক্তির হামলার কয়েক ঘণ্টার মধ্যেই নিরাপত্তা জোরদারের নতুন সমাধান হিসেবে হোয়াইট হাউসে প্রস্তাবিত বলরুম নির্মাণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সমর্থকরা। খবর নিউইয়র্ক টাইমসের।
সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ‘হোয়াইট হাউসে নির্মাণাধীন সামরিকভাবে সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন বলরুম থাকলে এ ঘটনা কখনোই ঘটত না।’ তিনি আরও বলেন, ‘এই প্রকল্প দ্রুত সম্পন্ন করা জরুরি।’
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই বিষয় তুলে ধরে জানান, যেখানে এই ডিনার অনুষ্ঠিত হয়, ওয়াশিংটন হিলটন; সেটি যথেষ্ট নিরাপদ নয়। ট্রাম্পের ভাষায়, ‘এটি খুব একটা নিরাপদ ভবন নয়। আমাদের বলরুম দরকার।’
তবে সমালোচকরা বলছেন, এই ঘটনাকে বলরুম নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত করা বাস্তবতা উপেক্ষা করার শামিল। ডিনারটি আয়োজন করে হোয়াইট হাউস ককরেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন, যা একটি স্বাধীন সাংবাদিক সংগঠন। ফলে অনুষ্ঠানটি হোয়াইট হাউসে স্থানান্তর করা নিয়েও প্রশ্ন রয়েছে।
এদিকে, বলরুম নির্মাণ নিয়ে আইনি জটিলতাও চলছে। সম্প্রতি ফেডারেল বিচারক রিচার্ড জে লিওন নির্মাণকাজ আংশিকভাবে স্থগিতের নির্দেশ দেন। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা কোনো বেআইনি কাজের বৈধতা দেয় না।’ তার মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউসে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা প্রেসিডেন্টের নেই।
প্রস্তাবিত এই বলরুমটি প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের হবে এবং এটি নির্মাণে প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, এটি ব্যক্তিগত অনুদানে তৈরি হবে, যদিও দাতাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ১৯২১ সাল থেকে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন এই ডিনারের আয়োজন করে আসছে। তবে সাম্প্রতিক হামলার ঘটনার পর অনুষ্ঠানটির নিরাপত্তা ও ভবিষ্যৎ আয়োজন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এসকে/টিএ