আসাদ আমলের কর্মকর্তাদের প্রকাশ্য বিচার শুরু
ছবি: সংগৃহীত
০৯:১৮ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার শুরু হয়েছে দামেস্কে। রবিবার (২৬ এপ্রিল) বিচার কার্যক্রমের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা'র বরাত দিয়ে আল-আরাবিয়া জানিয়েছে, সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়ে আদালতে হাজির হয়ে ছিলেন সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব।
যিনি আসাদের শাসনামলে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমন-পীড়ন ও গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
২০১১ সালে এই দারাতেই সিরিয়ার গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল। একটি স্কুলের দেয়ালে সরকারবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগে কিশোরদের গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছিল। যা আসাদ সরকারের নিরাপত্তা বাহিনীর দমনমূলক নীতির বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটিয়ে ছিলো।
গণবিক্ষোভগুলোতে আসাদ সরকার ব্যাপক দমনপীড়ন চালায়। যা রুপ নিয়েছিল গৃহযুদ্ধের। দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের অবসান হয়, ২০২৪ সালের ডিসেম্বরে সশস্ত্র বিরোধী বাহিনীর নেতৃত্বে এক আকস্মিক অভিযানে বাশার সরকারের পতনের মধ্য দিয়ে।
ক্ষমতাচ্যুতির পরে বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। সেই সঙ্গে তার ঘনিষ্ঠ বেশিরভাগ সদস্যও সিরিয়া থেকে পালিয়ে যান। বিচারিক সূত্রটি জানায়, সরাসরি উপস্থিত থেকে যাদের বিচার হবে, তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আরেক আত্মীয় ওয়াসিম আল-আসাদ, সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরুদ্দিন হাসসুন এবং সাম্প্রতিক মাসগুলোতে নতুন কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হওয়া সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা।
এবি/টিএ
এবি/টিএ