© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে পার্থ-শফিকুরের বাদানুবাদ, স্পিকার দিলেন রুলিং

শেয়ার করুন:
সংসদে পার্থ-শফিকুরের বাদানুবাদ, স্পিকার দিলেন রুলিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সরকার দলীয় জোটের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে বিতর্ক ও বাদানুবাদের সৃষ্টি হয়েছে। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সংসদে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সদস্যদের আরও সচেতন হওয়ার রুলিং দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় এ ঘটনা ঘটে।

অধিবেশনে বক্তব্য দেওয়ার একপর্যায়ে আন্দালিব রহমান পার্থ বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘আপনারা ডাবল স্ট্যান্ডার্ড করছেন।

আপনারা একবার রাজপথে অভ্যুত্থানের ডাক দেন, আবার অন্য কথা বলেন।’ এসময় তিনি একটি উদ্ধৃতি দিয়ে বলেন, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা দেওয়া হচ্ছে। এ বক্তব্যের তীর তিনি বিরোধীদলীয় নেতার দিকে তাক করেন।

পার্থর বক্তব্যের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তীব্র আপত্তি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘পার্থ সাহেব খুব ভালো ডিবেট করেন, অনেক মেটেরিয়ালস নিয়ে এসেছেন। কিন্তু তিনি আমার নামে এমন কিছু কথা বলেছেন, যা আমি বলিনি। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার মতো এ ধরনের বেপরোয়া কথা আমি কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামেও বলি না।’

তিনি ব্যারিস্টার পার্থর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘বক্তব্যের মাধুর্য ছড়াতে গিয়ে আমার ওপর মেহেরবানি করে এই ধরনের দয়া যেন উনি না করেন। সংসদে দাঁড়িয়ে কোনো ডকুমেন্ট হাতে নিয়ে রেফারেন্স দিলে তা পরিষ্কার ও সুনির্দিষ্ট হওয়া উচিত। কনফিউজিং ওয়েতে কিছু প্রেজেন্ট করলে সমস্যা তৈরি হয়।’

পরে ব্যারিস্টার পার্থ পুনরায় ফ্লোর নিয়ে বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা একটি জোটের প্রধান। আমি উনার নাম দিয়ে শুরু করলেও ওই উক্তিটি মূলত উনাদের জোটের অন্য এক নেতার। এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার উদ্দেশ্য আমার ছিল না। ডিজিটাল যুগে মিথ্যা বলার কোনো সুযোগ নেই।’

এ পর্যায়ে অধিবেশনে কিছুটা উত্তাপ ছড়ালে সংসদ পরিচালনায় থাকা ডেপুটি স্পিকার সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি রুলিং দিয়ে বলেন, ‘মহান জাতীয় সংসদে আমরা যখন কোনো বক্তব্য বা ডকুমেন্ট উপস্থাপন করব, তখন তা জেনে-বুঝে এবং সুনির্দিষ্টভাবে করব।’

এমআই/টিএ

মন্তব্য করুন