© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১৩

শেয়ার করুন:
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাটে বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) ও একই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮)। তারা সবাই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এছাড়াও আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/টিএ

মন্তব্য করুন