সাত সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, নগরজীবনে কিছুটা স্থবিরতা
ছবি: সংগৃহীত
০৮:০০ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
সাত সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে নগরজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সকাল গড়াতেই শুরু হয় ভারী বর্ষণ। অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকে ভিজেই গন্তব্যে পৌঁছেছেন। ফলে সড়কে যানচলাচল ধীর হয়ে পড়ে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটির অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই আবহাওয়াজনিত পরিস্থিতি বিরাজ করতে পারে। এতে করে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো সতর্কভাবে চলাচল করতে পারে।
সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস। দুপুর ১টা পর্যন্ত জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, একই ধরনের ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে এই ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ এই বৈরী আবহাওয়ার কারণে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।
এসকে/এসএন