বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
১১:১৭ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ থেকে কাজের জন্য দক্ষ ও অদক্ষ জনশক্তি নিতে বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বেলারুশ সরকার আগ্রহী বলে জানান।
পরে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ বেলারুশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহী।
বৈঠকে দুই দেশের কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্যপ্রযুক্তি, ওষুধ এবং পাটশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কার্যকর আলোচনা হয় এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে জনযোগাযোগ বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে অগ্রাধিকার খাতগুলো এগিয়ে নিয়ে যেতে নিয়মিত ‘ফরেন অফিস কনসালটেশন’সহ বিভিন্ন দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় উভয় দেশ একমত হয়েছে।
এছাড়া ভবিষ্যতে ঢাকা-মিনস্ক সম্পর্ক আরও সুদৃঢ় সম্পর্ক অঙ্গীকারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
কেএন/এসএন