পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপে দুপুর পর্যন্ত ভোট দিলেন ৬১ শতাংশ ভোটার
ছবি: সংগৃহীত
০৪:১৮ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। এরমধ্যে দুপুর ১টার মধ্যেই ৬১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ ভোটারের ভোট দেওয়ার কথা আছে।
এরআগে গত ২৩ এপ্রিল প্রথম ধাপের নির্বাচন হয়। প্রথম ধাপেও প্রায় সাড়ে তিন কোটি ভোটার ছিলেন। যাদের প্রায় ৯২ শতাংশই ভোট দিয়েছিলেন।
আজ ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও দক্ষিণ বঙ্গের গুরুত্বপূর্ণ আসনগুলোতে। এরমধ্যে হুগলিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত সেখানে ৬৪ দশমিক ৫৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এরপর যথাক্রমে রয়েছে হাওড়া, সেখানে ভোট পড়েছে ৬০ দশমিক ৬৮ শতাংশ। কলকাতা দক্ষিণে ৫৭ দশমিক ৭৩ শতাংশ এবং নদিয়াতে ৬১ দশমিক ৪১ শতাংশ ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন।
ভোটে যেন কোনো অপ্রীতিকর ও কারচুপির ঘটনা না ঘটে সেজন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও পুরো নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে।
এরমধ্যে ভবানিপুরে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মুখমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ও বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী।
শুভেন্দু ভবানিপুরের একটি বুথে গেলে সেখানে তাকে ঘিরে ধরেন তৃণমূলের সমর্থকরা। ওই সময় তাকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন শুভেন্দু।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, শুভেন্দুকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। ওই সময় শুভেন্দু ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ বলে স্লোগান দেন। যারা জয় বাংলা স্লোগান দিয়েছেন তাদের তিনি বাংলাদেশি মুসলিম হিসেবে অভিহিত করেছেন।
সূত্র : দ্য পাইওনিয়ার
এমআর/টিএ