নরসিংদীর শিবপুরে রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার খাতা
ছবি: সংগৃহীত
০৫:৪১ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
নরসিংদীর শিবপুরের পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডেল খাতা। পরে ওই খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেয়া হয়। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপপরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল (রোববার) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে তিন ব্যান্ডেল খাতা পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম নামে এক যুবক। পরে ওই যুবক খাতাগুলো বাড়িতে নিয়ে যায়।
বাড়িতে গিয়ে পরেরদিন অর্থাৎ সোমবার তার বাড়ির পাশের এক ভাইকে দেখালে, খাতাগুলি এসএসসি পরীক্ষার খাতা বলে নিশ্চিত হন। পরে থানায় যোগাযোগ করে রাহিম খাতাগুলো থানায় জমা দেন।
রাহিম জানান, বাড়ি আসার পথে বিকেলে রাস্তার পাশে বান্ডেল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখালে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। তার পরামর্শে আমি খাতাগুলো থানায় জমা দিয়ে দেই।
এ বিষয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, খাতাগুলো রহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর উপজেলার ইউএনওকে জানাই। পরে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেই। সিলগালা করা তিন প্যাকেট এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার ২৬৮টি খাতা ছিল।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খবর পেয়ে থানায় গিয়েছি। খাতাগুলো এক পোস্ট অফিস থেকে আর এক পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ডাক পিয়নের গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। খাতাগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেয়া হয়েছে।
ইউটি/টিএ