© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমতায় শেষ হলো অ্যাতলেটিকো-আর্সেনাল প্রথম লেগ

শেয়ার করুন:
সমতায় শেষ হলো অ্যাতলেটিকো-আর্সেনাল প্রথম লেগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে শেষ পর্যন্ত কেউই এগিয়ে থাকতে পারল না। অ্যাতলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথম দিকে কিছুটা চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে অ্যাতলেটিকো।

১৪তম মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া। অন্যদিকে, আর্সেনালও সুযোগ তৈরি করেছিল। মার্টিন ওডেগার্ডের শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে আসে প্রথম গোল। বক্সের ভেতরে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় আর্সেনাল, আর স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশ।



বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে অ্যাতলেটিকো। তাদের চাপের ফল আসে ৫৬তম মিনিটে, যখন পেনাল্টি থেকে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ। এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি স্বাগতিকরা। অঁতোয়ান গ্রিজমানের দারুণ শট ক্রসবারে লেগে ফিরে আসে, আর আদেমোলা লুকমানও সহজ সুযোগ নষ্ট করেন।

শেষদিকে নাটকীয়তা বাড়ে আরও। আর্সেনাল আরেকটি পেনাল্টি পেলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। ফলে আর কোনো গোল হয়নি। দুই দলের মধ্যকার এই সমতা রেখে এখন সব হিসাব গড়াবে দ্বিতীয় লেগে, যা অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠে ৬ মে। সেখানে জয় পেলেই মিলবে ফাইনালের টিকিট।

এসএস/এসএন

মন্তব্য করুন