ভোলায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে শুরু হচ্ছে মাছ ধরা
ছবি: সংগৃহীত
০৮:৫৩ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
দীর্ঘ দুই মাসের প্রতীক্ষার অবসান ঘটছে আজ। ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের জারি করা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টার পর থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবারও শুরু হচ্ছে মাছ ধরা।
মৎস্য শিকারের অনুমতি পাওয়ার সংবাদে ভোলার বিভিন্ন মৎস্য ঘাট ও জেলে পল্লীগুলোতে আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজ বিরাজ করছে। ইলিশের অভয়াশ্রম রক্ষায় মার্চ ও এপ্রিল এই দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মৎস্য বিভাগ।
এর ফলে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ থাকায় জেলার প্রায় দুই লক্ষাধিক জেলে কর্মহীন হয়ে পড়েন। নিষেধাজ্ঞার এই দীর্ঘ সময়ে উপার্জন বন্ধ থাকায় অনেক জেলে পরিবারকে চরম অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। সংসার চালাতে গিয়ে অনেকেই ধারদেনা ও ঋণে জর্জরিত হয়ে পড়েছেন।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগমুহূর্তে জেলেরা নতুন উদ্যমে নদীতে নামার প্রস্তুতি সম্পন্ন করেছেন। ভোলার বিভিন্ন ঘাটে ঘুরে দেখা গেছে, জেলেরা তাদের নৌকা মেরামত, জাল বোনা এবং ট্রলারে সরঞ্জাম গোছানোর কাজে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ বিরতির পর আবারও প্রিয় পেশায় ফিরতে পারার আনন্দ এখন জেলেদের চোখেমুখে।
মৎস্য আড়তগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আড়তদার ও ব্যবসায়ীরা আশা করছেন, মধ্যরাত থেকে নদীতে মাছ ধরা শুরু হলে ঘাটগুলো আবারও ইলিশের উপস্থিতিতে সরগরম হয়ে উঠবে। জেলেরা মনে করছেন, এবার নদীতে কাঙিক্ষত পরিমাণ মাছ পাওয়া যাবে এবং তা বিক্রি করে তারা বিগত দুই মাসের ধারদেনা পরিশোধ করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
মূলত এই আশাতেই বুক বেঁধে আজ মধ্যরাতে জাল ও নৌকা নিয়ে মেঘনা ও তেঁতুলিয়ার বুকে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছেন ভোলার হাজার হাজার মৎস্যজীবী।
এসএস/এসএন