রাজশাহীতে মদপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
১০:৫৯ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে মদপান করে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজ শিক্ষার্থী অসুস্থ হয়ে মারা গেছেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
অলি রাজশাহী নিউ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি কয়েকজনের সঙ্গে মহানগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, অলি নিয়মিত মদপান করতেন না। শখের বসে দুইদিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। তারপর থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হননি এই ভয়ে যে মদপানের বিষয়টি বাবা-মা জেনে যাবেন।
বুধবার ভোরে শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। এরপরই তার মৃত্যু হয়। অলিকে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসককে মদপানের বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া লেখা আছে।
ওসি জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি। মরদেহের ময়নাতদন্ত করাতেও চাননি। ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।
এসকে/এসএন