© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সমালোচনার কারণেই টি-টোয়েন্টিতে সাফল্য পাচ্ছেন কোহলি’

শেয়ার করুন:
‘সমালোচনার কারণেই টি-টোয়েন্টিতে সাফল্য পাচ্ছেন কোহলি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও আইপিএলে এখনও বড় নাম বিরাট কোহলি। ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার যদিও টি-টোয়েন্টির স্ট্রাইকরেট নিয়ে একসময় সমালোচনার শিকার হয়েছিলেন। তবে ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তাকে আরও আগ্রাসী এবং বাড়তি স্ট্রাইকরেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। যার পেছনে ক্রিকেটসংশ্লিষ্টদের সমালোচনার বড় ভূমিকা দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

কোহলি-ভক্তরা ফুঁসে উঠতে পারেন এমন আশঙ্কা সত্ত্বেও এই বিশ্লেষক বলেন, ‘আবারও হয়তো বিরাট কোহলির ভক্তরা ক্ষুব্ধ হবেন। আমরা কোহলিকে ভিন্নভাবে ব্যাট করতে দেখেছি, এই মৌসুমেও চমৎকার ব্যাট করছে, যেখানে তার স্ট্রাইকরেট ১৪০-১৫০ (মূলত ১৬০ এর বেশি)। কোহলি একই আছেন, কিছুই পরিবর্তন হয়নি। পরিবর্তন কেবল এটাই যে– তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত রান তুলবেন। কেন এমন সিদ্ধান্ত? কারণ তিনি দেখছেন মানুষের পক্ষ থেকে তার ওপর চাপ বাড়ছে এবং কিছুটা ধীরগতির ব্যাটিংয়ের জন্য অনেক কথা শুনতে হচ্ছে।’

চলতি মৌসুমে কোহলি ৫৮- এর বেশি গড় এবং ১৬২.৫০ স্ট্রাইকরেটে ৩৫১ রান করেছেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় স্ট্রাইকরেটের (১৩৩) চেয়ে বেশি। মাঞ্জরেকারের মতে, টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বর্তমানে কৌশলের অংশ হচ্ছে- পরবর্তী ব্যাটিং অর্ডারে আসা ক্রিকেটাররা যাতে আপনার ওপর আস্থা রাখতে পারেন এবং নতুন করে ইনিংস শুরুর মতো অনুভূতিতে না পড়েন। ফলে ভালো শুরুর পর দলকে বড় সংগ্রহের পথে টেনে নিতে পারবেন তারা।



ভারতীয় এই ধারাভাষ্যকার বলছেন, ‘এখনকার ১৫০ স্ট্রাইকরেট ৩-৪ বছর আগে ১২৫-৩০ ছিল। এমনটা হয়েছে বিরাট কোহলির বাউন্ডারি হাঁকানোর দক্ষতা এবং দ্রুত এক-দুই রান নিতে পারার কারণে। মোটের ওপর তিনি ইনিংস লম্বা করতে চাইতেন এবং তার মনে হতো তাকেই ইনিংসের বড় অংশজুড়ে ব্যাটিং চালিয়ে যেতে হবে। পরের সারির ব্যাটারদের ওপর আস্থা রাখতেন না।’

প্রসঙ্গত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চলমান আইপিএলে নেমে দারুণ শুরু পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের প্রথম ৮ ম্যাচের ৬টিতেই কোহলি-পাতিদারের দলটি জয় পেয়েছে। লিগের সর্বোচ্চ নেট রানরেটও তাদের দখলে। এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত বেঙ্গালুরুর অবস্থান পয়েন্ট টেবিলের দুইয়ে। এক পয়েন্ট বেশি নিয়ে পাঞ্জাব কিংস শীর্ষে রয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন