শ্রমিকদের মজুরি বোর্ড সংশোধনের কথা সরকারকে জানানো হবে: নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
মধ্যস্বত্বভোগীদের সরিয়ে উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমাতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, ‘উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমাতে হবে। এর মাঝখানে (মধ্যস্বত্বভোগী) যারা রয়েছে, তারা বেশি লাভ লুফে নেয়। উৎপাদকের যাতে উৎপাদন খরচ কমানো যায় এবং তারা যাতে কম খরচ ও সহজেই ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা নিচ্ছে সরকার।’
মে দিবস উপলক্ষে আগামীকাল পল্টনে শ্রমিকদলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘এতে লাখো লোকের উপস্থিতি আশা করছি।’
নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করবেন জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তার সবগুলোই পালন করা হবে।’
বর্তমান সরকার শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে, সামর্থ্য দিয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি বোর্ডের নিয়ম-কানুন অনেক সেক্টরে মানা হয় না কিংবা অনেক বছর ধরেই মজুরি বোর্ড অপরিবর্তিত রয়েছে। বোর্ডের কঠোর প্রয়োগ ও আইন প্রণয়নে সংশোধনের জন্য আমরা সরকারের সঙ্গে কথা বলব।’
কেএন/এসএন