বরিশালের উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত
০৩:৫৪ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এ মিছিলের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই মহাসড়কের ওপর স্বল্প সময়ের জন্য একটি মিছিল বের করে। মিছিলটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং পরবর্তীতে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় একই দিন দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়।
সূত্র আরো জানায়, মিছিলে অংশগ্রহণকারীদের প্রতি কিছু আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীর পক্ষ থেকে উৎসাহমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, ।বিষয়টি আমাদের সরাসরি নজরে আসেনি এবং এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলকারীরা খুব অল্প সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করে।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে।
এ ঘটনায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এমআই/এসএন