পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল
ছবি: সংগৃহীত
০৪:৪৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কদিন আগে নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
আসন্ন নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। এবার জানালেন, নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করছেন না তিনি।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি। তামিম জানিয়েছেন আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে।
এ ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণের কথা আবারও জানিয়েছেন তিনি। তবে নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি তামিম।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।'
আরও যোগ করেন, 'ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।'
আরআই/টিএ