© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একাত্তরকে খাটো করার চেষ্টা মেনে নেওয়া খুব কঠিন: মির্জা ফখরুল

শেয়ার করুন:
একাত্তরকে খাটো করার চেষ্টা মেনে নেওয়া খুব কঠিন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে কিংবা এটাকে কেউ যদি খাটো করার চেষ্টা করে তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

মির্জা ফখরুল বলেন, সেই কারণেই আমাদের সহকর্মী সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন- 'একাত্তর নিয়ে আমাদের কথা বলতেই হবে। কারণ এটি আমাদের অস্তিত্ব ও পরিচয়।' আমি একই কথা বারবার বলছি একটি কারণেই, একাত্তরই আমাদের পরিচয়ের ভিত্তি। আর সে কারণেই আমরা বিষয়টি বারবার উচ্চারণ করি।

তিনি আরও বলেন, সংবিধান নিয়ে তিনি কোনো বিশেষজ্ঞ নন, তাই এ বিষয়ে কথা বলার ধৃষ্টতা দেখাবো না। সালাউদ্দিন সাহেব যা বলেছেন, তার বাইরে বলার মতো তেমন কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তারা বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছেন। সেই সময়ের আন্দোলনগুলোতে যারা একসঙ্গে ছিলেন, তাদের অনেকেই আজ আর বেঁচে নেই, কেউ নিহত হয়েছেন, কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের প্রতি তিনি কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানান।

৫ আগস্টের পর তাদের চেহারা বদলে গেছে, এমন অভিযোগ তোলা হয়েছে, যা মির্জা ফখরুল প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তাদের অবস্থান বদলায়নি; বরং অন্য পক্ষ হঠাৎ করে ক্ষমতায় যাওয়ার ইঙ্গিত পেয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে।

তিনি অভিযোগ করেন, ওই সময়ে দেওয়া বিভিন্ন বক্তব্য গণতন্ত্রকে শক্তিশালী করেনি, বরং দূরত্ব তৈরি করেছে। বর্তমান এই দূরত্ব সৃষ্টির পেছনে সেটিও একটি কারণ বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, এই নির্বাচনকে 'ইঞ্জিনিয়ারিং করা' বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা দেশের মানুষ মেনে নেবে না এবং নেয়নি বলেও দাবি করেন তিনি।

এমআই/টিএ

মন্তব্য করুন