দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত
০২:২২ এএম | ০১ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদের স্মরণে নানা কর্মসূচি, পরিবারকে সহায়তা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম এক বার্তায় জানান, এই শোক শুধু নিহতদের পরিবারের নয়, পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটির। একজন অভিভাবক ও সাবেক আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে পরিবারের কষ্টের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, আমি জানি, পরিবারের থেকে দূরে থাকার অর্থ কী, কীভাবে সামান্য নীরবতাও দুশ্চিন্তার কারণ হতে পারে।
লিমন ও বৃষ্টির পরিবার যে গভীর বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে, তা সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়।
নিহতদের স্মরণে শুক্রবার (১ মে) বিকেল ৪টায় ক্যাম্পাসের মার্শাল স্টুডেন্ট সেন্টারের উত্তরে ক্রিসেন্ট হিলে এক শোকসভা আয়োজন করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার ইউএসএফের ক্রীড়া ইভেন্টগুলোতে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং সফটবল ও বেসবল ম্যাচের আগে ভিডিও বোর্ডে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
আগামী সপ্তাহের সমাবর্তন অনুষ্ঠানেও জামিল ও বৃষ্টিকে স্মরণ করা হবে। পাশাপাশি, ক্যাম্পাসে প্রয়াত শিক্ষার্থীদের স্মারকে তাদের নাম যুক্ত করা হবে এবং বার্ষিক স্মরণানুষ্ঠানেও তাদের স্বীকৃতি দেওয়া হবে।
টিজে/টিএ