© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযানে র‌্যাবের গাড়ি ভাঙচুর

শেয়ার করুন:
জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযানে র‌্যাবের গাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ এএম | ০১ মে, ২০২৬
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে অবৈধভাবে ভাটা পরিচালনা করার সময় র‍্যাবের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ। পরে দুইটি ইটভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ও গোবিন্দপুর এলাকার জিরন ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনার সময় হঠাৎ করেই ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র‍্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্থ হয়। হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশগত ছাড়পত্র না থাকায় জীরণ ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। র‍্যাবের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ গোবিন্দপুর গ্রামের এমদাদ হোসেনের স্ত্রী রোজিনা বেগম(৬০) এবং মৃত জুলহাস উদ্দিনের ছেলে সুজন(৪০) কে আটক করেছে। পরে পরিবেশ অধিদপ্তর পিঙ্গলহাটার ‘যমুনা ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনা করেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকারে র‍্যাবের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেয়ায় এক নারীসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে র‍্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, জামালপুর সদর উপজেলার চারটি অবৈধ ইটভাটার মধ্যে দুইটি ইটভাটায় অভিযান সম্পন্ন হয়েছে। এসময় জিরন ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা ও এর চিমনি ধ্বংস করা হয়। পরে যমুনা ব্রিকসের মালিকপক্ষ না থাকায় এর চিমনি ধ্বংস করা হয়। পরবর্তীতে আবারও অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, অভিযান পরিচালনার সময় একজন মানসিক ভারসাম্যহীন নারী র‌্যাবের গাড়িতে ঢিল ছোড়ে। সেই ঢিলের কারণে গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। পরে নারীকে আটক করা হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন