দেশের শ্রম পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করলেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
১০:১৯ এএম | ০১ মে, ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে দেশ-বিদেশে কর্মরত সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (১ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন।
নাহিদ ইসলাম বলেন, ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেট স্কয়ারে আট ঘণ্টা শ্রমের দাবিতে যে রক্ত শ্রমিকরা দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়েই আজ বিশ্ব মে দিবস পালন করছে। তিনি সেসব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মে দিবস পালন কেবল আনুষ্ঠানিকতা, ব্যানার ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। সাধারণ শ্রমজীবী মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন খুব সামান্যই হয়েছে।
বিগত আওয়ামী সরকার আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে এবং শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেয়া হয়েছে। এমনকি ১৩ বছর পেরিয়ে গেলেও আমরা আজও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার পাইনি।’
জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ ইসলাম আক্ষেপ প্রকাশ করেন যে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি এবং শ্রমিকদের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি।
নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের প্রত্যয়, একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।
ইউটি/টিএ