© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অং সান সু চিকে গৃহবন্দি করা হয়েছে: মিয়ানমার সেনাবাহিনী

শেয়ার করুন:
অং সান সু চিকে গৃহবন্দি করা হয়েছে: মিয়ানমার সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫২ পিএম | ০১ মে, ২০২৬
মিয়ানমারের নেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (১ মে) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

৮০ বছর বয়সী নোবেলজয়ী এই নেত্রী ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক ছিলেন। সে সময় সেনাপ্রধান মিন অং হ্লাইং নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন। সামরিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সু চির অবশিষ্ট সাজা এখন নির্ধারিত বাসভবনে ভোগ করার জন্য রূপান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ছবিতে তাকে দুইজন ইউনিফর্ম পরা কর্মকর্তার সঙ্গে বসে থাকতে দেখা গেছে। তবে তার ছেলে কিম আরিস এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ছবিটি পুরোনো হতে পারে এবং এখনো তার মায়ের বর্তমান অবস্থা বা অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ নেই।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে সু চিকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তার আইনজীবীরা তিন বছরের বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করতে পারেননি। আর পরিবারের সঙ্গেও দুই বছরের বেশি সময় কোনো যোগাযোগ নেই। এর আগে বিভিন্ন অভিযোগে দেওয়া ৩৩ বছরের সাজা কয়েক দফায় কমানো হয়েছে। বিশ্লেষকদের মতে, হঠাৎ করে রাষ্ট্রীয় মাধ্যমে তার উপস্থিতি দেখানো সামরিক সরকারের কোনো কৌশলগত পদক্ষেপের ইঙ্গিত হতে পারে। সম্ভবত আন্তর্জাতিক চাপ কমানো বা ভবিষ্যতে আংশিক মুক্তির প্রস্তুতি।

উল্লেখ্য, ২০১৫ সালে গণতান্ত্রিক সংস্কারের পর ক্ষমতায় আসা সু চি এর আগে সামরিক শাসনামলে দীর্ঘ সময় গৃহবন্দি ছিলেন। গণতন্ত্রের পক্ষে তার আন্দোলনের জন্য তিনি ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পান। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন বন্দি থাকলেও মিয়ানমারের জনগণের কাছে তার জনপ্রিয়তা এখনো অনেক বেশি এবং তার মুক্তির আশা এখনো জোরালো রয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন