© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে শেষ টি-টোয়েন্টি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা

শেয়ার করুন:
মিরপুরে শেষ টি-টোয়েন্টি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ পিএম | ০১ মে, ২০২৬
প্রথম ম্যাচে বাংলাদেশ দাপট দেখিয়ে জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে। চট্টগ্রামে ৬ উইকেটে জেতার পর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু ম্যাচ তো দূরের কথা, টস পর্যন্ত হয়নি। মৌসুমী বৃষ্টির প্রভাবে খেলা মাঠে গড়ায়নি। কোনো বল না খেলেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আগামীকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ড শেষ ম্যাচ খেলবে ঢাকার মিরপুরে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে এই খেলা। ম্যাচটি হারলে বাংলাদেশকে সফরকারীদের সঙ্গে সিরিজ ট্রফি ভাগাভাগি করতে হবে। আর জিতলে ২-০ তে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। আরেকবার আধিপত্য দেখিয়ে জয়ের জন্য বেশ ভালোভাবে আজ (শুক্রবার) প্রস্তুতি সেরেছে তারা। সূর্যের তাপ অতটা ছিল না। রোদের দেখা মিলেছিল। চনমনে থেকে অনুশীলন সেরেছেন মেহেদী হাসান মিরাজ ও তার সতীর্থরা। বৃষ্টি বাগড়া দেয়নি তাদের অনুশীলনে।

ইতোমধ্যে শেষ ম্যাচের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ। আগের দুটি ম্যাচের দলই রেখে দিয়েছে স্বাগতিকরা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের জন্য খারাপ খবর দিচ্ছে।

আমেরিকার আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাকু ওয়েদার বলছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ! বজ্রবৃষ্টি হতে পারে ৫৮ শতাংশ। সকাল ও বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যথাক্রমে ৮৯ ও ৬০ শতাংশ। বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে এলেও সকালের বৃষ্টিপাত মিরপুর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত রাখতে পারবে কি না সেই শঙ্কা থেকেই যায়। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ, টস হবে তার আধঘণ্টা আগে দেড়টায়। 

এবি/টিএ

মন্তব্য করুন