© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬ দিন পর পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু

শেয়ার করুন:
৬ দিন পর পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ০১ মে, ২০২৬
ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও শুরু হয়েছে। দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে পুনরায় চালু করা হয়।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটটি থেকে বর্তমানে প্রায় ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগে গত ২৫ এপ্রিল ইউনিটটির বয়লারের পাইপ ফেটে গেলে এটি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে মেরামতকাজ শেষে পুনরায় চালু করা হয়।

জানা যায়, পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে এই ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি চালু হয়। প্রথমে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়। তবে যান্ত্রিক জটিলতার কারণে কেন্দ্রটি কখনো পূর্ণ সক্ষমতায় ধারাবাহিকভাবে উৎপাদন করতে পারেনি।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, মেরামতকাজ শেষে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে এবং এটি থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তিনি আরো জানান, ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং চলছে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে এটি আগামী ১৫ মে’র মধ্যে চালু করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এর আগে একাধিকবার যান্ত্রিক ত্রুটি ও বয়লারে পাথর ঢুকে যাওয়ার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

এবি/টিএ

মন্তব্য করুন