বেসরকারি শিক্ষকদের বদলি শীঘ্রই শুরু হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৫৯ পিএম | ০১ মে, ২০২৬
বেসরকারি শিক্ষকদের বদলি শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বেসরকারি স্কুল কলেজ, মাদ্রাসার ট্রান্সফার কার্যক্রম খুব শীঘ্রই শুর করা হবে।
শুক্রবার (১ মে) চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকে ১৪ হাজার ৩০০ শিক্ষক অত্যন্ত তড়িঘড়ি করে নিয়োগ দেয়া হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়ার পরেও আমরা বিষয়টি নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করছি।’
তিনি আরও বলেন, ‘যোগদানের কিছু পূর্ব শর্ত দিয়ে তাদেরকে যোগদান করাবো। চাকরি বিধিমালায় যেসব শর্ত দেয়া আছে সেগুলো মেনেই তাদের পদায়ন করা হবে।’
কচুয়া উপজেলা শিক্ষা অফিস আয়োজিত কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল (বালক বালিকা)খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী মহিলাদলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, খেলোয়াড়, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও সাধারণ দর্শক।
এসকে/টিএ