শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কাজ করেছে সরকার : এমপি এনাম
ছবি: সংগৃহীত
০২:১৮ এএম | ০২ মে, ২০২৬
আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত আলোচনা সভায় শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরব বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
তিনি বলেন, গেল ঈদুল ফিতরের সময় দেশের কোথাও শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে রাজপথে নামতে হয়নি। এটি সরকারের একটি বড় সফলতা। পরিকল্পিত পদক্ষেপের কারণে শ্রমিকরা ঈদের আগেই তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছে।
তিনি আরো বলেন, এই সরকার শ্রমিকবান্ধব। আমরা নিশ্চিত করেছি কোনো শ্রমিক যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। মালিক-শ্রমিক সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শ্রমিকদের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না উল্লেখ করে এমপি এনাম বলেন, কিছু লুটেরা গোষ্ঠী অতীতে শ্রমিকদের পাওনা নিয়ে খেলেছে। এখন আর সেই সুযোগ নেই। সরকার কঠোর অবস্থানে রয়েছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে।
তেল সংকট প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। কিন্তু সরকারের কঠোর নজরদারির কারণে তারা ব্যর্থ হয়েছে।
বর্তমানে দেশে তেল নিয়ে কোনো সংকট নেই। শুক্রবার (১ মে) সন্ধ্যায় পটিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পটিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মো. সাইফুদ্দীন আহমেদ, মনির আহমেদ সেলিম, কে এম জসিম উদ্দীন, দিদারুল আলম, আবুল বশর, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন।
সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে তারা শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আইকে/টিএ