ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ, তারপর বাঙালি : প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: সংগৃহীত
০৬:৩২ এএম | ০২ মে, ২০২৬
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ, এরপর বাঙালি এটাই আমাদের প্রথম ও প্রধান পরিচয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার রামকৃষ্ণ মিশনের ১৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
দিবসটি উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনে পূজা ও প্রার্থনাসহ দিনব্যাপী নানা আয়োজন ছিলো। এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্যে রামকৃষ্ণ মঠ, মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ বলেন, মিশনের দীক্ষা হলো ঈশ্বর জ্ঞানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে দেবতাজ্ঞানে পূজা করা। মানবসেবাই আসল ধর্ম।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রামকৃষ্ণ মিশনের সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন অনু্ষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে সম্প্রতির মেলবন্ধন ঘটেছে।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ, এরপর বাঙালি এটাই প্রথম ও প্রধান পরিচয়। বাংলাদেশে সকলের সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, যদি কোনোভাবে হিন্দু ধর্মের বিশ্বাসের ওপর আঘাত আসে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং দেশের প্রচলিত আইনে অপরাধীদের বিচার করা হবে।
সুপ্রীম কোর্টের বিচারপতি শ্রীসৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রথম সচিব (রাজনৈতিক) ও পরিচালক, ইন্দিরা গান্ধী কালচারেল সেন্টারের প্রধান অ্যান মেরি জর্জ, বাংলাদেশে রামকৃষ্ণ সঙ্গের দীক্ষাগুরু মহারাজ প্রমুখ।
আইকে/টিএ