© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে ইমো-ফেসবুক হ্যাক করে প্রতারণা, চক্রের ৫ সদস্য আটক

শেয়ার করুন:
নাটোরে ইমো-ফেসবুক হ্যাক করে প্রতারণা, চক্রের ৫ সদস্য আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ এএম | ০২ মে, ২০২৬
নাটোরের লালপুরে প্রবাসীসহ সাধারণ মানুষের ইমো ও ফেসবুক মেসেঞ্জার আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১ মে) রাতে উপজেলার পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত  মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮) , বাসেদ আলী (১৭) ও মো. আব্দুল্লাহ (১৯) এবং পার্শ্ববর্তী নওয়াপাড়া গ্রামের লালন আলী (২১) ও মো. শাকিল (১৯)।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন মানুষের ইমো ও ফেসবুক আইডি হ্যাক করে আসছিল। এরপর তারা হ্যাক করা আইডি থেকে ভুক্তভোগীর আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে কৌশলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পানসিপাড়া গ্রামের রফিজ মণ্ডলের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক ও ইমো আইডি হ্যাক করে প্রতারণাকালে অভিযুক্ত ৫ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হ্যাকিং এবং প্রতারণার কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ফেসবুক, ইমো হ্যাক করে প্রতারণা করায় ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএন/এসএন

মন্তব্য করুন