© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্ধ জুটমিল চালুর ঘোষণা দিয়েছেন এমপি ওয়াহাব

শেয়ার করুন:
বন্ধ জুটমিল চালুর ঘোষণা দিয়েছেন এমপি ওয়াহাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ এএম | ০২ মে, ২০২৬
ময়মনসিংহের বন্ধ জুটমিল চালু করতে ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, অচিরেই বন্ধ মিলটি চালু করে কোনো কালো ছায়া নয়, প্রকৃত শ্রমিকদের কাছেই তা ফিরিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১ মে) বিকেল ৪টায় মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর রেলওয়ে চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এমপি ওয়াহাব আরও বলেন, বন্ধ জুটমিল চালু করতে সংশ্লিষ্ট সব মহলে দেনদরবার করা হয়েছে।

এ দাবি পূরণ না হলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপি সরকারের শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের এ দাবি অচিরেই বাস্তবায়ন করবেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি একটি শ্রমিকবান্ধব সরকার। সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে সব প্রতিকূলতা মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তিনি আরও বলেন, বিগত নির্বাচনে শ্রমিকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। দেশের বন্ধ কলকারখানা খুলে দিতে সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। এ কার্যক্রম বাস্তবায়িত হলে শ্রমিক সমাজ উপকৃত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।

সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করেন এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে রুকুনোজ্জামান রোকন বলেন, কোনো শ্রমিক দিনে ৮ ঘণ্টার পরিবর্তে ১০ ঘণ্টা কাজ করলে অতিরিক্ত ২ ঘণ্টার ওভারটাইম মজুরি পাবেন। বিএনপি সরকার এ নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তারেক রহমানের প্রতি আস্থা হারানোর কোনো কারণ নেই; সুখে-দুঃখে তিনি রাজপথের প্রতিটি নেতাকর্মীর পাশে থাকবেন।

অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় অতীতের আন্দোলন-সংগ্রামে মামলা-হামলার শিকার ও নির্যাতিত নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে সকাল থেকে দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

টিজে/টিএ 

মন্তব্য করুন