পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
১০:০৭ এএম | ০২ মে, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটের দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমান বাপ্পীর স্ত্রী ছিলেন। তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে থেকে স্বামী বাপ্পী ও দেড় বছরের সন্তান ফারদিন এবং চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো বলে জানা গেছে।
রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোররাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় এনে মানসিক সান্ত্বনা দেয়া হচ্ছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
টিজে/টিএ