© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হেরা ফেরি ৩’ নিয়ে জটিলতার জেরে এবার প্রযোজকের পাল্টা মামলা

শেয়ার করুন:
‘হেরা ফেরি ৩’ নিয়ে জটিলতার জেরে এবার প্রযোজকের পাল্টা মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ পিএম | ০২ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ আবারও আইনি জটিলতায় জড়িয়েছে। বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ এর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এবার সিনেমাটির স্বত্ব নিয়ে নতুন করে বিরোধে জড়িয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবং দক্ষিণী প্রযোজনা সংস্থা সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সংশ্লিষ্ট সংস্থাটি প্রথমে নাদিয়াদওয়ালার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।

তাদের অভিযোগ ছিল, ছবিটির স্বত্ব নিয়ে অনিয়ম হয়েছে। তবে এবার সেই অভিযোগের জবাবে পালটা আদালতের দ্বারস্থ হয়েছেন নাদিয়াদওয়ালা।
প্রযোজকের দাবি, তার বৈধভাবে কেনা স্বত্ব জোরপূর্বক দখলের চেষ্টা চলছে।

নাদিয়াদওয়ালার অভিযোগ অনুযায়ী, ২০০০ সালে ‘মেসার্স কমপ্যাক্ট ডিস্ক ইন্ডিয়া লিমিটেড’- এর সুরেশ কুমার সিংঘলের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ রুপির বিনিময়ে তিনি ‘হেরা ফেরি’ গল্পের হিন্দি ও অন্যান্য ভাষায় পুনর্নির্মাণের স্বত্ব আইনিভাবে কিনে নেন।

কিন্তু ছবিটি মুক্তির মাত্র সাত দিন আগে কয়েকজন ব্যক্তি তাঁর কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে। সে সময় ছবিটিতে বড় অঙ্কের বিনিয়োগ হয়ে যাওয়ায় এবং আইনি জটিলতা এড়াতে বাধ্য হয়ে তিনি অর্থ পরিশোধ করেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ‘হেরা ফেরি’ নির্মিত হয়েছিল মালয়ালাম ছবি ‘রামজি রাও স্পিকিং’ এর গল্প অবলম্বনে। ফলে মূল গল্পের স্বত্ব ও পুনর্নির্মাণ অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।

এদিকে ‘হেরা ফেরি ৩’ এর কাজ শুরুর উদ্যোগ নেওয়ার পরই পুরোনো এই স্বত্বসংক্রান্ত জটিলতা আবার সামনে এসেছে।

সংশ্লিষ্টদের মতে, সিনেমাটির সম্ভাব্য বাণিজ্যিক সাফল্য এবং বিপুল আর্থিক লেনদেনের কারণেই একাধিক পক্ষ এখন নিজেদের অধিকার দাবি করছে।

সব মিলিয়ে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ‘হেরা ফেরি ৩’ এর নির্মাণ ও মুক্তি- দুটোই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেল। এখন দেখার বিষয়, এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

এসকে/এসএন

মন্তব্য করুন