© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তর্জালে ‘রকস্টার’-এর এনিমেটেড টিজার

শেয়ার করুন:
অন্তর্জালে ‘রকস্টার’-এর এনিমেটেড টিজার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ০২ মে, ২০২৬
একের পর এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিচ্ছেন শাকিব খান। সেই ধারাবাহিকতায় প্রকাশ পেল তাঁর অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অ্যানিমেশন ঝলক।

শনিবার (২ মে) নিজের ফেসবুকে সিনেমাটির একটি এনিমেটেড টিজার শেয়ার করেন শাকিব খান। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।



৫৩ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় এক রূপকধর্মী দৃশ্য, নীল আকাশে উড়ে বেড়ানো একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক। হঠাৎ বজ্রাঘাতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার মধ্য দিয়েই গল্প ফিরে যায় অতীতে। পর্দায় ভেসে ওঠে এক শিশুর শৈশব, যার স্বপ্ন বড় হয়ে একজন সংগীত তারকা হওয়া।

পরবর্তী দৃশ্যগুলোতে শাকিব খানকে দেখা যায় একেবারে নতুন রূপে। হাজারো দর্শকের সামনে গিটার হাতে, চোখে রোদচশমা একজন সংগীত তারকা হিসেবে হাজির তিনি।

এখানেই শেষ নয়, টিজারের শেষাংশে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় তাঁকে, যা চরিত্রটির বোহেমিয়ান ও দাপুটে ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে।

শনিবার দুপুরে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরিচালক আজমান রুশো বললেন, ‘এ তো মাত্র শুরু, চমকপ্রদ আরো অনেক কিছু রয়েছে সামনে।

ধাপে ধাপে সবকিছু আসবে।’

তিনি জানান, আজ শনিবার টঙ্গীতে চলছে ‘রকস্টার’-এর শেষ মুহূর্তের শুটিং। আর মাত্র তিন-চার দিন শুটিং করেই ক্যামেরা ক্লোজ করবেন বলেও জানান তিনি। 

‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ আরো অনেকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে।

পিআর/এসএন

মন্তব্য করুন