শোক সামলে অভিনয়ে নতুন পথচলা শইকীয়া গার্গের
ছবি: সংগৃহীত
০৩:৩০ পিএম | ০২ মে, ২০২৬
অসমের বিনোদন অঙ্গনে নতুন এক চমক জাগালেন গরিমা শইকীয়া গার্গ। এতদিন পর্দার আড়ালেই সক্রিয় থাকলেও এবার সরাসরি অভিনয়ে নাম লেখাতে চলেছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে অসমের সাংস্কৃতিক মহলে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রস্তুতির পর অবশেষে অভিনয়ের জগতে পা রাখতে যাচ্ছেন গরিমা, যা অনেকের কাছেই এক নতুন সূচনার ইঙ্গিত বহন করছে।
জানা গেছে, ‘বারুদ ২’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। শুধু তাই নয়, প্রথম ছবিতেই নায়িকার ভূমিকায় দেখা যাবে গরিমাকে। ইতিমধ্যেই শুটিংয়ের জন্য তিনি পৌঁছে গিয়েছেন জোড়হাটে। ছবিটি পরিচালনা করছেন মানস বড়ুয়া, যিনি প্রয়াত পরিচালক মুনিন বড়ুয়ার পুত্র। অসমে ‘ভাইমনদা’ নামে পরিচিত এই নির্মাতার সঙ্গে গরিমার এই কাজ ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যেও। তবে ছবিতে গরিমার বিপরীতে কে নায়ক থাকছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।

এই সিদ্ধান্ত যে হঠাৎ নেওয়া নয়, তার প্রমাণ মিলেছে গরিমার সাম্প্রতিক পদক্ষেপে। অভিনয়ে নামার আগে তিনি প্রয়াত স্বামী জুবিন গার্গের আশীর্বাদ নিতে গিয়েছিলেন সোনাপুরের ‘জুবিন ক্ষেত্র’-এ। এই স্থানটি এখন ভক্তদের কাছে এক আবেগের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিনই অসংখ্য অনুরাগী সেখানে এসে ফুল ও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রিয় শিল্পীর স্মৃতিতে। সেই জায়গাতেই গিয়ে নিজের নতুন পথচলার সূচনায় গরিমা যেন এক নীরব প্রতিজ্ঞা করে এলেন।
অভিনয়ে নতুন হলেও বিনোদন জগতের সঙ্গে গরিমার সম্পর্ক দীর্ঘদিনের। এর আগে তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন এবং পোশাকশিল্পী হিসেবেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন। অসমীয়া ছবি ‘রই রই বিনালে’, ‘কাঞ্চনজঙ্ঘা’ এবং ‘শিকার’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি, জুবিন গার্গের একাধিক প্রযোজনাতেও কাজ করেছেন গরিমা। ফলে ক্যামেরার সামনে নতুন হলেও, ক্যামেরার পেছনের অভিজ্ঞতা তার শক্তি হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে।
এখন দেখার, নতুন এই যাত্রায় গরিমা শইকীয়া গার্গ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন এবং অসমের চলচ্চিত্র জগতে কতটা নিজের জায়গা তৈরি করতে সক্ষম হন।
এসএ/এসএন