গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৫:২৪ পিএম | ০২ মে, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়। গণ মিছিলটি টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভিক্টোরিয়া রোড হয়ে জাহাজ বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা হতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ৭০ শতাংশ ভোটারের রায়কে তুচ্ছতাচ্ছিল্য করছেন, এরা যখন রায় বাস্তবায়নে রাস্তায় নামবে তখন কোথায় পালাবেন।’ তিনি বলেন, ‘গত নির্বাচনে পরিকল্পিতভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা কিছু বলছি না। এখনই গদিচ্যুত হন, তা আমরা চাই না। ভালোভাবে দেশ চালান, ছলচাতুরী করে নয়।’ সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামাতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি কামরুল হাসান প্রমুখ।
আরআই/টিএ