পকেটে ছিল মাত্র ৫০০ ডলার, এখন ৯০০ কোটি টাকার মালিক জন সিনা
ছবি: সংগৃহীত
০৮:০৩ পিএম | ০২ মে, ২০২৬
রেসলার থেকে অভিনেতা হয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা জন সিনা-র জীবন যেন এক অনুপ্রেরণার গল্প। ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সিনা ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে বড় হয়েছেন। স্কুলে শারীরিক গঠনের কারণে বিদ্রূপ সহ্য করলেও জিমে মনোযোগ দিয়ে নিজেকে বদলে ফেলেন।
কলেজে ফুটবল খেললেও পেশাদার ক্যারিয়ার গড়তে না পেরে মাত্র ৫০০ ডলার নিয়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান। সেখানে নানা কষ্টের কাজ করতে করতেই শুরু হয় তাঁর রেসলিং যাত্রা। ২০০২ সালে WWE-তে অভিষেকের পর ‘ডক্টর অব থাগানমিকস’ চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন এবং ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কিংবদন্তিদের কাতারে নাম লেখান।
রিংয়ের বাইরে অভিনয়েও সফল সিনা। দ্য মেরিন, বাম্বলবি, এফ নাইন ও দ্য সুইসাইড স্কোয়াড-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ‘পিসমেকার’ চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।
শুধু রেসলার বা অভিনেতাই নন, তিনি একজন র্যাপারও। ২০০৫ সালে তাঁর অ্যালবাম ইউ ক্যান্ট সি মি বিলবোর্ড চার্টে জায়গা করে নেয়। মানবিক কাজেও অনন্য সিনা। মেক আ উইশ ফাউন্ডেশন-এর হয়ে ৬৫০টির বেশি শিশুর ইচ্ছা পূরণ করে রেকর্ড গড়েছেন।
ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিতর্ক-দুটোই ছিল। নিক্কি বিলা-র সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে তিনি বিবাহিত এবং ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন।
সংগ্রাম, সাফল্য ও আত্মসমালোচনার মধ্য দিয়ে গড়া এই যাত্রায়, মাত্র ৫০০ ডলার নিয়ে শুরু করা জন সিনা আজ শত কোটি টাকার মালিক-আর তাঁর গল্প আজও অনুপ্রেরণা জোগায় লাখো মানুষকে।
জন সিনা বহুবার বলেছেন তিনি মহামানব নন, অল্প বয়সে তিনি অনেক ভুল করেছেন। তবে এখন তিনি আগের চেয়ে অনেক পরিণত। মাত্র ৫০০ ডলার পকেটে নিয়ে শুরু করা সেই জন সিনা এখন ৯০০ কোটি টাকার মালিক। সিনা জানিয়েছেন, নিজে সংগ্রাম করে আজ যে অবস্থানে পৌঁছেছেন, সেটা নিয়ে তিনি গর্বিত।
আরআই/টিএ