চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আগে বায়ার্নের হোঁচট
ছবি: সংগৃহীত
১১:৪২ পিএম | ০২ মে, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্ডেসলিগায় নিজেদের মাঠে তলানির দল হাইডেনহাইমের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই বড় বিপদে পড়ে বায়ার্ন। প্রথম আধা ঘণ্টার মধ্যেই দুই গোল হজম করে তারা। হাইডেনহাইমের হয়ে গোল করেন জর্জিয়ার স্ট্রাইকার বুদু জিভজিভাদজে এবং তুরস্কের ফরোয়ার্ড এরেন দিনকচি।
দুই গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে বায়ার্ন। ৪৪তম মিনিটে দারুণ ফ্রি কিকে ব্যবধান কমান লেয়ন গোরেটস্কা। দ্বিতীয়ার্ধে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা। ৫৭তম মিনিটে কাছ থেকে ভলি করে গোল করেন গোরেটস্কা, যিনি চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এরপর আক্রমণভাগে পরিবর্তন এনে হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে নামান কোচ ভিনসেন্ট কম্পানি। তবে ম্যাচের ৭৬তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে বায়ার্ন। জিভজিভাদজে নিজের দ্বিতীয় গোল করে হাইডেনহাইনের এগিয়ে যাওয়াকে আরও দৃঢ় করেন। তবে শেষ মুহূর্তে ভাগ্যের সহায়তায় হারের হাত থেকে বাঁচে বায়ার্ন। দূর থেকে ওলিসের শট পোস্টে লেগে গোলরক্ষক ডিয়ান্ট রামাইয়ের পিঠে লেগে জালে জড়িয়ে যায়, ফলে সমতা ফিরে পায় স্বাগতিকরা।
এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৩। অন্যদিকে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে রয়েছে হাইডেনহাইম। এর আগে লিগের আগের রাউন্ডে মাইন্সের বিপক্ষে তিন গোল খেয়ে পিছিয়ে পড়েও ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল বায়ার্ন। এছাড়া গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে ৫-৪ ব্যবধানে হারে তারা।
এখন ফিরতি লেগে নিজেদের মাঠে পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামবে বায়ার্ন মিউনিখ।
এবি/টিএ