অধিনায়ক হিসেবে ট্রফি জেতাই আমার স্বপ্ন: বাবর আজম
ছবি: সংগৃহীত
০১:০৮ এএম | ০৩ মে, ২০২৬
অধিনায়ক হিসেবে এখনো শিরোপার স্বাদ না পাওয়া বাবর আজম জানিয়েছেন, ট্রফি জেতাই তার সবচেয়ে বড় স্বপ্ন। ব্যক্তিগত রেকর্ড ও ধারাবাহিক পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় নাম হলেও নেতৃত্বে শিরোপা জয়ের আক্ষেপ এখনো ঘোচেনি তার।
আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের ফাইনালে হায়দরাবাদ কিংস মেন-এর বিপক্ষে মাঠে নামবে বাবরের পেশোয়ার জালমি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'শিরোপা জেতা প্রতিটি অধিনায়কের স্বপ্ন, আমারও তাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের পরিকল্পনা ঠিকভাবে মাঠে বাস্তবায়ন করা, বিষয়গুলো সহজ রাখা এবং চাপকে মাথায় না নেওয়া।'
২০১৯ সালে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হওয়ার পর বাবর আজম বিশ্বকাপসহ ছয়টি বহুজাতিক টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে এখনো কোনো শিরোপা জিততে পারেননি তিনি।
পিএসএলেও তার নেতৃত্বে শিরোপা আসেনি। ২০২২ সাল থেকে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে চারটি মৌসুম পার করলেও ট্রফি জয়ের স্বাদ পাননি এই তারকা ব্যাটার। সপ্তম আসরে করাচি কিংসের অধিনায়ক হিসেবে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে শেষ করেছিলেন তিনি।

পরবর্তীতে পেশোয়ার জালমিতে যোগ দিয়ে ধীরে ধীরে দলকে প্লে-অফে তুললেও শিরোপা অধরাই থেকে গেছে। তবে এবারের মৌসুমে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে জালমিকে। লিগ পর্বে মাত্র একটি ম্যাচে হার দেখে তারা এবং কোয়ালিফায়ারে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায়।
চলতি আসরে বাবর নিজেও দারুণ ফর্মে রয়েছেন। ১০ ইনিংসে ৮৪ গড়ে করেছেন ৫৮৮ রান এবং দুটি সেঞ্চুরি করে পিএসএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডের সমান করেছেন তিনি।
ফাইনালের আগে আত্মবিশ্বাসী বাবর বলেন,'এটি একটি নতুন ম্যাচ, ফাইনাল। এখানে চাপ ভিন্ন হবে। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং অতিরিক্ত চিন্তা করা যাবে না। আমরা যেভাবে পুরো মৌসুম খেলেছি, সেভাবেই খেলতে চাই।'
অধিনায়কত্ব নিয়ে সমালোচনা প্রসঙ্গে বাবরের স্পষ্ট বক্তব্য, 'সমালোচনা থাকবেই, আপনি পারফর্ম করুন বা না করুন। তাই আমি এসব নিয়ে চিন্তা করি না।'
এমআর/টিএ