© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চোটে এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন স্প্যানিশ তারকা কারভাহাল

শেয়ার করুন:
চোটে এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন স্প্যানিশ তারকা কারভাহাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ এএম | ০৩ মে, ২০২৬
ডান পায়ের আঙুলে চোট পাওয়ায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে খেলতে পারছেন না স্প্যানিশ তারকা ডানি কারভাহাল। ১০ মে ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচটি হবে।

শনিবার (২ মে) এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ফুটবলভিত্তিক আন্তর্জাতিক অনলাইন ক্রীড়া সংবাদমাধ্যম ট্রিবিউনের তথ্য অনুযায়ী, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ খেলোয়াড়ের ডান পায়ের কড়ে আঙুলের শেষ অস্থিটিতে ফাটল ধরেছে।

মার্কার প্রতিবেদন জানিয়েছে, দানি দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে ফিরতে পারেন রিয়ালের এই রাইট ব্যাক। তাতে কিছুটা আশা রয়েছে।



কারভাহালের এই অনুপস্থিতি এসেছে কঠিন সময়ে। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। শিরোপার আশা এখন অনেকটাই অনিশ্চিত।

বার্সেলোনা যদি ওসাসুনাকে হারায় এবং মাদ্রিদ যদি এস্পানেয়লের বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলে এই সপ্তাহেই শিরোপা নিশ্চিত হতে পারে।
এই চোট কারভাহালের ভবিষ্যৎ নিয়েও নতুন করে শঙ্কা জাগিয়েছে।

৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের চুক্তি মৌসুম শেষে শেষ হচ্ছে। আগামী সপ্তাহের ম্যাচটি হতে পারত মাদ্রিদ জার্সিতে তার শেষ এল ক্লাসিকো।

ক্লাব ইতিহাসে অন্যতম সফল এই খেলোয়াড় রিয়াল ক্যারিয়রে ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা জিতেছেন। ইনজুরিতে ভরা এই মৌসুমে তার খেলার সুযোগ সীমিত ছিল। নতুন এই চোট ২০২৬ বিশ্বকাপের জন্য স্পেন জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষীণ সম্ভাবনাকেও আরো কমিয়ে দিল।

এমআর/টিএ  

মন্তব্য করুন