ঢালিউডে বর্তমান ট্রেন্ড ভাঙার কথা জানালেন অনন্ত জলিল
ছবি: সংগৃহীত
১০:০৫ এএম | ০৩ মে, ২০২৬
নতুন সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’ দিয়ে নতুন ট্রেন্ড তৈরি করার কথা জানালেন ঢালিউডের আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তাই নায়ক স্পষ্ট জানিয়ে দেন, তাদের নতুন সিনেমাটি কোরবানীর ঈদে মুক্তি পাচ্ছে না।
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় হোল্ডিংস লিমিটেড আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি।
সেখানে বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে সম্প্রতি অনন্ত জলিল জানান, পরিবারের সঙ্গে রোজার ঈদে দেশের বাইরে ছিলেন। ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে ব্যবসায় মনোযোগী হয়ে পড়েন। একাধিক ব্র্যান্ডের উদ্বোধন নিয়েও ব্যস্ত সময় পার করেছেন। তবে এবার সিনেমাতেও সময় দিচ্ছেন তিনি।

‘নেত্রী: দ্য লিডার’ প্রসঙ্গে নায়ক বলেন, ইদানিং দেখছি, ঈদ ছাড়া নতুন সিনেমা রিলিজ হচ্ছে না। এমনটা চলতে থাকলে হল মালিকদের কী হবে? তাই ঠিক করেছি, ‘নেত্রী: দ্য লিডার’ঈদে মুক্তি দেবো না। কোরবানী ঈদে আমাদের কোনো সিনেমা রিলিজ হবে না। ঈদ ছাড়া রিলিজ হবে ‘নেত্রী: দ্য লিডার’।
অনন্ত জলিল আরও বলেন, ঈদ ছাড়া বিগ বাজেটের সিনেমা রিলিজের ট্রেন্ড মনে হয় বন্ধ হয়ে গেছে। এই ট্রেন্ড ভাঙতে চাই। আশা করছি, আমরা যখন নতুন ট্রেন্ড হিসেবে ঈদ ছাড়া সিনেমা মুক্তি দেবো, ভালো ব্যবসা করবো, সাংবাদিকরা যখন এটা দেশজুড়ে প্রচার করবেন তখন ঈদ ছাড়া সিনেমা রিলিজ হওয়ার ট্রেন্ড আবারও শুরু হবে।
বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। ভারতের তেলেগু সিনেমার নির্মাতা উপেন্দ্র মাধব পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা।
কেএন/এসএন