সালমানের মামলায় নতুন মোড়
ছবি: সংগৃহীত
০১:৪৩ পিএম | ০৩ মে, ২০২৬
মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড তারকা সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নতুন মোড় এসেছে। মামলাটি বর্তমানে মুম্বাইয়ের বিশেষ আদালতে বিচারাধীন। শনিবার শুনানির সময় প্রথম সাক্ষী হিসেবে হাজির হয়ে সালমানের দেহরক্ষী সেই রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
বহুল আলোচিত এই মামলার শুনানিতে আদালতে অভিনেতার ব্যক্তিগত দেহরক্ষী স্পষ্ট জানিয়েছেন, এটি শুধুই ভয় দেখানোর ঘটনা নয়, বরং সরাসরি তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল।
২০২৪ সালের ১৩ এপ্রিল বান্দ্রায় সালমান খানের বাসভবন লক্ষ্য করে গুলি চালানো হয়।
সালমানের দেহরক্ষী জানান, ওই দিন গভীর রাত প্রায় ৪টার দিকে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎই আতসবাজির মতো শব্দ শুনতে পান। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও, সিসিটিভি মনিটরে নজর দিতেই পুরো ঘটনা পরিষ্কার হয়ে যায়।
দেহরক্ষীর বয়ান অনুযায়ী, দু’টি মোটরবাইকে করে আসা হামলাকারীরা হেলমেট পরে সরাসরি বিল্ডিং লক্ষ্য করে গুলি চালায়।
তারা পরপর চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি বলেন, ‘আমি সিসিটিভিতে দেখেছি দু’জন ব্যক্তি বাইকে এসে বিল্ডিং লক্ষ্য করে গুলি চালাচ্ছে।’
ঘটনার সময় অভিনেতা নিজ বাড়িতেই ছিলেন। গুলির শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থল থেকে বুলেটের খোল উদ্ধার করা হয়।

আদালতে দেহরক্ষী জোর দিয়ে বলেন, ‘এই গুলিবর্ষণ সরাসরি অভিনেতাকে খুন করার উদ্দেশ্যেই করা হয়েছিল।’ তার এই বক্তব্য মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার পেছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই চক্রের যোগ থাকতে পারে। অতীতেও এই গ্যাংয়ের পক্ষ থেকে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছিল।
তদন্তে উঠে এসেছে, হামলার আগে অভিযুক্তরা এলাকা রেকি করে পরিকল্পিতভাবেই এই আক্রমণ চালায়।
এই মামলায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। আরও কয়েকজনকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আদালতে সিসিটিভি ফুটেজও পেশ করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসএন