অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি কিয়ারার
ছবি: সংগৃহীত
০৮:১৭ পিএম | ০৩ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবানি আবারও আলোচনার কেন্দ্রে। একের পর এক সফল ছবির মাধ্যমে নিজের জায়গা শক্ত করেছেন তিনি হিন্দি চলচ্চিত্র জগতে। ২০১৪ সালে কমেডি ঘরানার ছবি ‘ফাগলি’ দিয়ে যাত্রা শুরু করে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবীর সিং’, ‘শেরশাহ’ ও ‘সত্যপ্রেম কি কথা’র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেন এই অভিনেত্রী।
সম্প্রতি তাঁর নতুন ছবি ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ ঘিরে আবারও চর্চায় কিয়ারা আডবানি। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই তা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এর মধ্যেই শোনা যাচ্ছে, ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, শুটিং শেষ হওয়ার পর দৃশ্যগুলো পর্যালোচনা করে অন্তরঙ্গ মুহূর্তের কিছু অংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কিয়ারা। তিনি সহশিল্পী যশ এবং পরিচালকের কাছে অনুরোধ করেন, সেই দৃশ্যগুলো সংক্ষিপ্ত করা হোক। শুটিংয়ের আগে তাঁকে নাকি আশ্বস্ত করা হয়েছিল যে, এমন কোনো দৃশ্য রাখা হবে না যেখানে তিনি অস্বস্তি বোধ করবেন। সেই আশ্বাসেই তিনি রোমান্টিক দৃশ্যে কাজ করতে সম্মত হয়েছিলেন।

কিন্তু চূড়ান্ত ফুটেজ দেখার পর নিজের মত বদলান এই অভিনেত্রী। সূত্রের দাবি, এরপরই তিনি দৃশ্য কাটছাঁট করার অনুরোধ জানান। যদিও এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই ছবিতে কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন যশ, নয়নতারা ও হুমা কুরেশি সহ আরও অনেকে। ছবিটি শুরুতে মুক্তি পাওয়ার কথা ছিল মার্চ মাসে, পরে তারিখ পরিবর্তন হয়ে জুন মাস নির্ধারিত হয়। তবে শোনা যাচ্ছে, মুক্তি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সব মিলিয়ে, কিয়ারার এই নতুন সিদ্ধান্ত এবং ‘টক্সিক’ ঘিরে একের পর এক জটিলতা এখন বলিউড মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এসএ/টিএ